সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তার ভাতিজা শঙ্খজিত্ সিনহা। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, চাচা এস কে সিনহার নির্দেশে উত্তরার শাহজালাল ব্যাংকে তিনি ও তার বাবা একটি যৌথ অ্যাকাউন্ট খোলেন। সেই অ্যাকাউন্টে পরে ২ কোটি ২৩ লাখ টাকা স্থানান্তর করা হয়। এই অর্থ স্থানান্তরের বিষয়ে তার কিছু জানা ছিল না। তিনি আরো বলেন, এই টাকার মধ্য থেকে পরে ঢাকা ব্যাংক সাভারের ইপিজেড শাখায় তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৭৮ লাখ টাকা স্থানান্তর করা হয়, যার মধ্যে ঢাকা ব্যাংক ইপিজেড শাখায় দুটি সঞ্চয়পত্রে যথাক্রমে ৫০ ও ১০ লাখ টাকা জমা রাখেন। বাকি ১৮ লাখ টাকা একই ব্যাংকে জমা রাখেন। আর এই পুরো কাজটি তিনি করেন এস কে সিনহার নির্দেশেই। বিশেষ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই জবানবন্দি গ্রহণ করেন।
অর্থ আত্মসাত্ ও পাচারের মামলায় গত ২৮ ডিসেম্বর বিচারপতি এস কে সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহা সাক্ষ্য দেন। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করে। এই মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
