তোমাকে ভালোবেসে নিজেকে ঘৃণা করি!
আত্মহত্যার আনন্দে বাদুড়ের মতো ঝুলে থাকি শূন্যে
চোখমারা,
শিসমারা,
হাতে বাঁধা লাল রুমালের
বখাটে দুপুরগুলো এখনো দাঁডিয়ে থাকে—
মহল্লার মোড়ে, চায়ের দোকানে
স্কুলের বকুলতলায়।
এলোমেলো নিষিদ্ধ নেশা
পাড়ায় পাড়ায় মারামারি
ছোটাছুটি
হাতকাটা ছুরির রক্তপাতের অবৈধ সন্ধ্যাসমূহ
নিজেকে মনে হতো—নাটকের প্রতিনায়ক!
যদিও ছিলো ঈশ্বরতুল্য ‘বড়ভাই’
ছিলো ভুল বানানের ব্যানার-সাইনবোর্ডের দোকান
এবং আমিও পেয়েছি—
পাড়াতো ছোটবোনদের সমীহ, সালাম।
প্রিয় পুলিশ স্যারদের চাঁদা দিয়ে
থানার খাতা থেকে কেটেছি নিজের নাম।
অর্জন করেছি—প্রত্যায়নপত্র
তারপর একদিন তুমি, লাল রুমাল
তারপর একদিন মধ্যপ্রাচ্য।
তোমাকে ভালোবেসে নিজেকে ঘৃণা করি!
