ফাইজারের টিকা নেওয়ার পর মস্তিষ্কের রক্তক্ষরণেডাক্তারের মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২০:২৬

সুস্থ দেহে ফাইজারের টিকা নেওয়ার ১৬ দিন পর মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন যুক্তরাষ্ট্রের এক জন চিকিত্সক। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গ্রেগরি মাইকেল (৫৬) নামের ঐ ধাত্রীবিদ্যাবিশারদ ফ্লোরিডার মায়ামিতে কর্মরত ছিলেন।

ফাইজারের দাবি, তারা মনে করেন না টিকা নেওয়ার সঙ্গে ঐ ডাক্তারের মৃত্যুর কোনো সম্পর্ক আছে। তবে ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব হেলথ এবং ফেডারেল সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ ঘটনার তদন্ত করছে।

গত বছর ডিসেম্বরে সম্পূর্ণ সুস্থদেহে ফাইজার আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন গ্রেগরি মাইকেল। এর ১৬ দিন পরে ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান। গ্রেগরি মাইকেলের মৃত্যুর কথা ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন তার স্ত্রী হিদি নেকেলম্যান। বলেছেন, করোনা ভাইরাসের টিকার শক্তিশালী প্রতিক্রিয়ার কারণে তার স্বামীর ব্রেনে রক্তক্ষরণ হয়েছে।

ঘটনা নিয়ে নিউ ইয়র্ক টাইমসকে একটি বিবৃতি দিয়েছে ফাইজার। তাতে তারা বলেছে, আমরা ক্লিনিক্যাল পরীক্ষার সময় বা এই টিকা বাজারজাত করার পর এমন নিরাপত্তাজনিত কোনো সংকেত পাইনি। তবে মাইকেলের পরিবারের শোকাহত সদস্যদের জন্য আমরা সহমর্মিতা প্রকাশ করছি।

মাইকেলের স্ত্রী হিদি নেকেলম্যান বলছেন, টিকা নেওয়ার সময় তার স্বামী একেবারে সুস্থ মানুষ ছিলেন। পরে তিনি ইডিওপ্যাথিক থ্রোমবোসাইটোপেনিক পারপুরা (আইটিপি) জনিত স্ট্রোকে আক্রান্ত হন। রক্তে প্লেটলেটসের ঘাটতির কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। এ অবস্থাকে আইটিপি হিসেবে চিহ্নিত করা হয়।

এ ঘটনার পর ফাইজার বলেছে, তারা এ বিষয়টিতে সক্রিয়ভাবে তদন্ত করছে। তবে তারা বিশ্বাস করে না যে, টিকা নেওয়ার সঙ্গে ঐ ব্যক্তির মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক আছে। মাইকেলের স্ত্রী হিদি বলেছেন, তার স্বামীর শরীরে রোগপ্রতিরোধ বিষয়ক বিশৃঙ্খলা ছিল না। এছাড়া এমন কোনো লক্ষণ বা অবস্থা তার শরীরে ছিল না, যার কারণে তিনি আইটিপিতে আক্রান্ত হতে পারেন। এক সন্তানের মা হিদির ধারণা, তার স্বামীর মৃত্যুর সঙ্গে শতভাগ সম্পর্ক আছে এই টিকার। এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না।

ফাইজার বলছে, এখন পর্যন্ত কয়েক লাখ মানুষকে এই টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার পর ব্যক্তিবিশেষের ক্ষেত্রে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কি না, তা ঘনিষ্ঠভাবে তারা পর্যবেক্ষণ করছে। ওদিকে গত বুধবার মাইকেলের দেহ থেকে ময়নাতদন্তের সময় নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পাঠিয়ে দেওয়া হয়েছে সিডিসিতে।