ময়মনসিংহে র্যাব-১৪ জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার করেছে। এ সময় সাত জন চোরাকারবারিকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত বুধবার নগরীর আকুয়া বাইপাস মোড়ে র্যাব-১৪ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার রাতে নগরীর শিববাড়ী এলাকার রানা জুয়েলার্স থেকে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ রুকন, প্রদীপ মজুমদার, শেখ শামসুল আলম, মোহাম্মদ শহীদুল্লাহ, নিমন রানা, মো. আলাউদ্দিন ও নাজিরুল ইসলাম মিন্টু। র্যাব-১৪-এর অধিনায়ক আরো বলেন, গ্রেফতারকৃতরা কষ্টিপাথর পাচারকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টিপাথর সংগ্রহ ও পাচার করছিলেন।
