আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী মারবেল মেলা বন্ধ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৪৭

করোনা মহামারির কারণে এ বছর পৌষসংক্রান্তিতে আগৈলঝাড়া উপজেলার রাজিহারে ঐতিহ্যবাহী মারবেল মেলা হচ্ছে না। তবে সোনাই চাঁদের প্রতিষ্ঠিত মন্দিরে বৈষ্ণবসেবা, হরিনাম সংকীর্তন শেষে গোঁসাই নবান্ন উত্সব পালিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (নিওনেটোলজি) শিশু বিশেষজ্ঞ ডা. বিধান চন্দ্র (বিসি) বিশ্বাস জানান, পৌষসংক্রান্তিতে গোঁসাই নবান্ন ও মেলার আয়োজন করা হলেও এ বছর করোনা মোকাবিলায় মানুষের সমাগম রোধে বৃহস্পতিবারের মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে।

বসছে না নাঙ্গলকোটের ঠান্ডা কালীমেলা

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নাঙ্গলকোটের শতবর্ষী ঠান্ডা কালীমেলা এবার বসছে না। করোনা মহামারির কারণে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে আজ (পহেলা মাঘ) এ মেলা হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি ইতিমধ্যে সর্বসাধারণকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মেলা অনুষ্ঠিত হলে ইজারা বাবদ সরকারের রাজস্ব আদায় হতো। কিন্তু করোনা ভাইরাসের কারণে মানুষের সমাগম রোধকল্পে তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।