ঢাকা-৯ আসনাধীন মেরাদিয়ার ভুঁইয়াপাড়ার মনিরউদ্দিন লেন একটি সরু রাস্তা, যা ভুঁইয়াপাড়ার শেষ মাথার রিকাব ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে রামপুরা বনশ্রীর ই ব্লকের ৭ নম্বর রাস্তার সঙ্গে মিশেছে। এলাকাবাসীসহ আশেপাশের এলাকার হাজারো মানুষ রাস্তাটি নিয়মিত ব্যবহার করে। এ এলাকার প্রধান সমস্যা হচ্ছে ঐ ৭০০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট সরু রাস্তা যা কোথাও ৬ ফুট, কোথাও ৯ ফুট, কোথাওবা ১১ ফুট প্রশস্ত। পাশাপাশি দুটি রিকশা দূরে থাক, একটি রিকশা আরেকটি রিকশাকে পাশ কাটিয়ে চলতে গেলে ধাক্কা লাগার মতো অবস্থা হয়। এমন সরু রাস্তায় একদিক (বনশ্রী প্রান্ত) থেকে একটি প্রাইভেট কার ঢুকলে অন্য দিক দিয়ে বের হওয়া যায় না। আগুন লাগলে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স বা ওয়াসার পানিবাহী গাড়ি ঢোকা অসম্ভব। ফলাফল জনসাধারণের চরম ভোগান্তি। উল্লেখ্য, রাস্তাটির দুপাশে এখনো বহুতল ভবন নির্মিত হয়নি। রয়েছে কিছু খালি জায়গা, টিনের বাড়ি, রিকশা গ্যারেজ, দোকান এবং আবাসিক বাসাবাড়ির আঙিনার দেয়াল। ফলে রাস্তাটি এখনো অনায়াসে প্রশস্ত করার সুযোগ রয়েছে। অতএব সংসদ সদস্য, ঢাকা ৯-এর কাছে বিনীত আবেদন এই যে, জনদুর্ভোগের কথা বিবেচনা করে মনিরউদ্দিন লেন সংযোগ সড়কটি ১৫ ফুট প্রশস্ত করার দ্রুত উদ্যোগ নেওয়া হোক।
রবিউস সামস, রেজা বেপারী, ফারজানা ইসলাম, রেবেকা সামদা
মনিরউদ্দিন লেন, মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা
