শেষ মুহূর্তে পুলিশকে হারাল আবাহনী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৫৪

ম্যাচ জুড়ে চমকই দেখিয়েছে বাংলাদেশ পুলিশ। আবাহনীর একের পর এক আক্রমণ দৃঢ়তার সঙ্গে রুখে দিয়েছে তারা। এমন দুরবস্থা দেখে মনে হচ্ছিল, ছয় বারের চ্যাম্পিয়নদের প্রিমিয়ার লিগের শুরুটা হবে হোঁচট খেয়েই। কিন্তু শেষ মুহূর্তে হাইতি ফরোয়ার্ড বেলফোর্টের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।

নিয়মিত চার ফুটবলারকে ছাড়াই গতকাল একাদশ সাজান আবাহনীর কোচ মারিও লেমোস। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। ইনজুরিতে থাকা বাকি দুই ফুটবলার রায়হান হাসান ও জুয়েল রানা।

তার পরও বঙ্গবন্ধু স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই পুলিশের ওপর চড়াও হয় মারিও লেমসের দল। কিন্তু আক্রমণে সৌন্দর্যের ছিটেফোঁটাও ছিল না। দুই বিদেশি ফ্রান্সিসকো রদ্রিগেজ ও বেলফোর্টকে ভালোভাবেই প্রতিহত করে রাখে পুলিশ ডিফেন্ডাররা।

প্রথমার্ধের ৪১ মিনিটে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ আসে আবাহনীর। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগেজের শটটি ফিস্ট করে ঠেকিয়ে দেন পুলিশ গোলরক্ষক মোহাম্মদ নেহাল। 

গোলশূন্য প্রথমার্ধের পর গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে আবাহনী। কিন্তু অধিনায়ক নাবিব নেওয়াজ জীবনকে এখানে ব্যর্থতার দায় নিতে হবে। ৬৩ মিনিটে রদ্রিগেজের ক্রসে তিনি পা ছোঁয়ালেই গোলের দেখা পেয়ে যেতেন আকাশী নীল জার্সিধারীরা।

ধারার বিপরীতে আবাহনী দুর্গে বেশ কয়েকবার উঠে আসার চেষ্টা করেছে পুলিশ। কিন্তু আক্রমণভাগের বাজে পারফরম্যান্স নিশ্চয়ই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কোচ পাকির আলীর। তবে রক্ষণ নিয়ে খুশিই থাকবেন তিনি। কেননা, সেরকম খেলাই উপহার দিয়েছেন জালাল-মাহমুদরা। কিন্তু শেষের  ঐ গোলই ডুবিয়েছে তাদের।  

৮৫ মিনিটে রুবেল মিয়ার ক্রস ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করার চেষ্টা করেন পুলিশ গোলরক্ষক। কিন্তু তার হাত ছুঁয়ে বল চলে যায় সুযোগসন্ধানী বেলফোর্টের কাছে। প্রথম প্রচেষ্টায় বল জালে পাঠাতে পারেননি হাইতির এই ফরোয়ার্ড। তবে ফিরতি বলে ঠিকই দলকে এগিয়ে দেন তিনি।

এই গোলের পরই নিষ্প্রভ থাকা পুলিশের আক্রমণভাগ জেগে ওঠে ফিনিক্স পাখির মতো। ৮৭ মিনিটে ডিবক্সের বাইরে থেকে করা কিরগিজাস্তান ফরোয়ার্ড মুরলিম আখমেদের দুর্দান্ত শটটি পোস্টে লেগে না ফিরলে পুলিশের কাছে ধরাই খেত আবাহনী। বাকি সময়টায় আর কোনো বিপদ আসতে দেননি মারিও লেমসের শিষ্যরা। ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লিগের সবচেয়ে সফল দলটি।

আজকের খেলা :

শেখ রাসেল-ব্রাদার্স, রাত ৮টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম