ক্রিকেটে পুরোদস্তুর পেসার হিসেবে আবির্ভাব সোফি ডিভাইনের। কিন্তু সময় যত গড়িয়েছে ততই নিজেকে পরিণত করেছেন এক বিধ্বংসী ব্যাটার হিসেবে। সেই ধারাবাহিকতায় গতকাল নিউজিল্যান্ডের ক্রিকেট ওমেনস টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাণ্ডব চালিয়েছেন এই কিউই নারী ক্রিকেটার। ৩৬ বলে সেঞ্চুরি তুলে নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ডানেডিনে ওয়েলিংটন ওমেনকে ১২৯ রানে লক্ষ্য দেয় ওটাগো ওমেন। জবাবে ডিভাইনের টর্নেডো সেঞ্চুরির সুবাদে বিনা উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েলিংটন। যেখানে ডিভাইন একাই করেন ১০৮ রান। খেলেন মাত্র ৩৮টি বল আর চার-ছক্কা হাঁকান সমান ৯টি করে। দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের দেয়ান্দ্রা ডটিনের। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলে সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছিলেন এই ব্যাটার।
