১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব কাল শুরু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:১৬

শুরু হচ্ছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব-২০২১’। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—স্লোগানে আগামীকাল ১৬ জানুয়ারি থেকে পর্দা উঠছে আসরটির। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে এবারের আসরটি উত্সর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। মোট ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবারের উত্সবে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্সবের চেয়ারম্যান কায়সার কামাল, পরিচালক আহমেদ মুজতবা জামাল, তত্ত্বাবধানকারী ম হামিদ, উত্সব উপদেষ্টা রফিকুজ্জামান, উত্সবের তিন জুরি চলচ্চিত্র সমালোচক মঈনুদ্দীন খালেদ, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও অভিনেতা ফেরদৌস আহমেদ। এতে বলা হয়, আগামীকাল শনিবার বিকাল ৪টায় পর্দা উঠছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হোসেন এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এছাড়া শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন। অনুষ্ঠানের পরে উত্সবের উদ্বোধনী চলচ্চিত্র ‘স্প্রিংব্লোসম’ দেখানো হবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুজান্না লিনডন। একজন টিনএজ তরুণীর সঙ্গে একজন পৌঢ়ার জাগতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ২০২০ সালের কান চলচ্চিত্র উত্সবে প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ‘স্প্রিংব্লোসম’।

এবারে উত্সবে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগ। তবে উত্সবে এবারই প্রথম সংযুক্ত হচ্ছে ‘লিজেন্ডারি লিডারস হু চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড’ এবং ‘ট্রিবিউট’ নামে আরো দুটি নতুন বিভাগ।

উত্সবে আগামী ১৭-১৮ জানুয়ারি চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘সপ্তম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। এই কনফারেন্সটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। দেশ ও বিদেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে এই বিভাগটি সাজানো হয়েছে। এতে দেশি-বিদেশি ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। তিন সদস্যের একটি স্বাধীন জুরিবোর্ড এ বিভাগের একটি শ্রেষ্ঠ কাহিনিচিত্র ও একটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রকে পুরস্কারের জন্য নির্বাচিত করবে। পুরস্কার হিসেবে থাকছে সনদ ও ক্রেস্ট।

আগামী ১৯ জানুয়ারি দিনব্যাপী একই ভেন্যুতে দেশীয় চলচ্চিত্রের সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের ভাবনার মিথস্ক্রিয়ামূলক অনুষ্ঠান ‘ওয়েস্ট মিটস ইস্ট’ অনুষ্ঠিত হবে।