চসিক নির্বাচন ২০২১

প্রতি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র করতে চান রেজাউল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:৫২

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিরামহীন প্রচারণায় সময় পার করছেন প্রার্থীরা। প্রচার-প্রচারণার জন্য বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকলেও অনেক প্রার্থী জানিয়েছেন তারা নাওয়া-খাওয়ার সময়টুকুও পাচ্ছেন না। সকাল থেকে মাঝরাত পর্যন্ত নানা কৌশলে ভোটারদের মন জয়ের কাজে ব্যস্ত রয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও নির্বাচনের প্রভাব পড়েছে। প্রার্থীরা সরাসরি জনসংযোগ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের মুখোমুখি হচ্ছেন। তাদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোট ও দোয়া কামনা করছেন।  

নির্বাচিত হলে নগরীর প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগসমর্থিত            মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে, অগ্রাধিকার ভিত্তিতে নগরীর জলাবদ্ধতা দূরীকরণের অঙ্গীকার করেছেন বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।   

গতকাল বৃহস্পতিবার নগরীর ২৪ নম্বর আগ্রাবাদ ওয়ার্ডে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এম রেজাউল করিম চৌধুরী বলেন, নির্বাচিত হলে তিনি প্রতিটি ওয়ার্ডে নারী উদ্যোক্তা গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। তিনি হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর এবং সন্ত্রাস-মাদক নির্মূল করার অঙ্গীকার করেন। এম রেজাউল করিম গতকাল বহদ্দারহাট, খাজা রোড, বলিরহাট, ঘাসিয়াপাড়া এলাকায় গণসংযোগ করেন।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ও ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি গণসংযোগ করেন। এ সময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্ন একটি মেগাসিটি, স্মার্ট সিটি, নির্মল পরিবেশবান্ধব শহর নগরবাসীর প্রত্যাশা। আমি মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে আগে জলাবদ্ধতা নিরসন করব। তিনি বলেন, আগ্রাবাদের প্রধান সমস্যা মাদক। আমি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে মাদক সমস্যা নির্মূল করবো।