আরিচা মহাসড়কে সালেহপুর সেতু ঝুঁকিপূর্ণ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:৫৪

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে সালেহপুর সেতুতে ফাটল দেখা দিয়েছে। সেতুর একপাশ দেবে যাওয়ায় ঐ পাশে যান চলাচল বন্ধ করে দিয়ে অন্য পাশ দিয়ে যান চলাচল করানো হচ্ছে। সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বুধবার রাত থেকে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সেতুর ঢাকাগামী লেন দেবে গেছে এবং      সেতুর নিচের আটটি বিমের মধ্যে চারটিতে ফাটল দেখা দিয়েছে। ঘটনাটি বুধবার সন্ধ্যার পর সওজের নজরে আসে। ফলে একটি লেন ব্যবহার করেই পুলিশ সদস্যরা ১০ মিনিট পর পর সাভার থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সাভারগামী যানবাহন পারাপার করছেন। এতে বুধবার রাত থেকে সেতুটির দুই পাশে ৬ কিলোমিটার দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাই যানজট এড়াতে সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া এই পথ ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সওজ। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সংস্কারের কাজ শুরু করেছে ঢাকা সড়ক বিভাগ।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানান, সেতুর গার্ডারে (বিম) ফাটল দেখা দিয়েছে। সওজ নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন বলেন, কাজ শেষ হতে লাগবে দুই থেকে তিন সপ্তাহ। উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ হাসান জানান, সেতুটি ৭০-এর দশকে নির্মিত। সাধারণত এ জাতীয় সেতুর আয়ুষ্কাল ৫০ বছর ধরা হয়। আমরা এমনিতেও সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম, তবে কিছু জটিলতার কারণে কাজটি এখনো শুরু করা যায়নি।