ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তিন দফায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্ধ ছিল ঢাকার অধঃস্তন আদালতের বিচারকাজ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ঢাকার জেলার পিপি খন্দকার আব্দুল মান্নান। বুধবার সন্ধ্যা ৭টায় স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। করোনা রিপোর্ট নেগেটিভ এলেও পরবর্তী জটিলতায় তার মৃত্যু হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল ও হাইকোর্টের বিচারপতিগণ ও আইনজীবীরা অংশ নেন। এছাড়া ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ও তার নিজ গ্রাম মানিকগঞ্জের নবগ্রামে তৃতীয় নামাজে জানাজা হয়। জানাজা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, পেশাজীবী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু মরহুমের কফিনে ফুলের শ্রদ্ধা জানান।
