জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের করোনায় আক্রান্ত। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার করোনা পরীক্ষার ফল মঙ্গলবার রাতে পজিটিভ আসে। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। চিকিত্সকের পরামর্শে তিনি উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন।
জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী ও জাপার কোষাধ্যক্ষ আবু তৈয়ব ইত্তেফাককে জানান, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসলেও জাপা চেয়ারম্যান এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ রয়েছেন। বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য আগামী ১৮ জানুয়ারি সংসদের একাদশ অধিবেশন শুরুর আগে ১৬/১৭ তারিখে আবারও করোনা পরীক্ষা করা হবে। জি এম কাদেরের রোগমুক্তি কামনায় জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার বিকাল ৪টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে, জি এম কাদেরের মেয়ের জামাতা ও অভিনেতা মাহফুজ আহমেদও করোনায় আক্রান্ত। কয়েক দিন আগে তার করোনা পরীক্ষার ফল পজিটিভি আসে। তিনিও বাসায় থেকে চিকিত্সা নিচ্ছেন।
