নাটোরে পৌর কাউন্সিলর খুন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:৫৩

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ কর্মী জমিরুল ইসলামকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীরা জানান, গতকাল রবিবার দুপুর পৌনে একটার দিকে জমিরুল বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বিরোপাড়া মোড়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। স্থানীয়রা জমিরুলকে উদ্ধার করে লালপুর হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, কে বা কারা জমিরুলকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জমিরুল উপজেলার বিরোপাড়া মহল্লার কমর উদ্দিনের ছেলে।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান

খাগড়াছড়ি জেলা শহরের অনতিদূরে গাছবান এলাকায় দুর্বৃত্তের গুলিতে পিপলু বৈষ্ণব ত্রিপুরা ওরফে রনি (৪১) নামে এক ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) কর্মী নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা রনিকে তার শ্বশুরবাড়ির সামনে গুলি করে পালিয়ে যায়। নিহত রনি খাগড়াছড়ির রামগড় উপজেলার বল্টুরাম টিলা গ্রামের মৃত নিগুমানন্দ বৈষ্ণবের ছোট ছেলে। একটি দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী অবস্থায় রনি জীবনযাপন করছিলেন।

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান,

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত মাদক ব্যবসায়ী মোস্তাক আহমদ মুছু চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে নিহত হয়েছেন। তিনি উত্তর জালিয়া পাড়ার মৃত জাকির হোসেনের ছেলে। গত শনিবার গভীর রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।