বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনে আজ ভোট

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২১:২৩

ইত্তেফাক ডেস্ক

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বিভিন্ন স্থানে আজ শনিবার ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বান্দরবান : লামা পৌরসভা নির্বাচনে লড়ছেন তিন মেয়র প্রার্থী। তার মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. জহিরুল ইসলাম, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহীন এবং জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী এটিএম শহীদুল ইসলাম। তাছাড়া, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী।

মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে চার জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং নারী কাউন্সিলর পদে সাত জন  প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে চার প্রার্থীর মধ্যে—আওয়ামী লীগ মনোনীত পৌর আওয়ামী লীগ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র শাহ মো. মুসলিম, পৌর আওয়ামী লীগ নেতা পংকজ সাহা এবং বিএনপি মনোনীত হাবিবুর রহমান মানিক।

আদমদীঘি (বগুড়া) :মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু এবং বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুর রাজ্জাক।

পাথরঘাটা (বরগুনা) : পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত দুজন প্রার্থীসহ পাঁচ জন মেয়রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন দুজন।

ছাতক (সুনামগঞ্জ) : ছাতক পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নে আবুল কালাম চৌধুরী ও বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রার্থী হয়েছেন রাশিদা আহমদ ন্যান্সি।

ঝিনাইদহ :শৈলকুপা পৌরসভা নির্বাচনে সহিংসতায় একজন নিহত ও একজন কাউন্সিলর প্রার্থীর মরদেহ উদ্ধার ঘটনার পর নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রিটার্নিং অফিসার মো. রুকুনউজ্জামান জানান, নির্বাচনে মেয়র পদে চার জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোংলা (বাগেরহাট) :নির্বাচনে তিন জন মেয়র, ৩৫ জন কাউন্সিলর ও ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটারের সংখ্যা ৩১ হাজার ৫২৮ জন।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : নির্বাচনে মেয়র পদে তিন জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্ব্বিতা করছেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্ব্বিতা করছেন, নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী (প্রতীক ধানের শীষ), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন (জগ)।