ভোলা (উত্তর) প্রতিনিধি
ভোলার সদর রোডের ঘোষপট্টি এলাকায় ভেজাল ছানা রাখায় দোকান মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান ও ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আবদুল্লাহ খান অভিযান পরিচালনা করে ঐ জরিমানা আদায় করেন। দীর্ঘদিন ধরে সদর রোডের ঘোষপট্টি এলাকায় ‘খাঁটি দধি ভান্ডার’-এর মালিক বাসুদেব ঘোষ সাতক্ষীরা থেকে ভেজাল ছানা কম মূল্যে কিনে এনে মিষ্টি তৈরি করে উচ্চমূল্যে বিক্রি করে আসছে। তাই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ‘খাঁটি দধি ভান্ডার’-এর মালিক বাসুদেবের কাছ থেকে ঐ জরিমানা আদায় করে।
