স্পোর্টস ডেস্ক
পাঁচ বোলারের মোট উইকেট সংখ্যা ১১। এর দুই জনই আবার অভিষিক্ত। তা করতে হয়েছে বাধ্য হয়েই। তবু আনকোরা এই বোলিং অ্যাটাকেই ব্রিসবেন টেস্টের শুরুতে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছিল ভারত। কিন্তু মার্নাস লাবুশেনের সেঞ্চুরি ও ক্যাচ মিসের ভুলে দিনটা হতাশার বৃত্তে থেকেই শেষ করল অজিঙ্কা রাহানের দল।
লাবুশেনের গড়া শক্ত ভিতে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন (২৮*) ও টিম পেইনের (৩৮*) । দলীয় সংগ্রহ ৫ উইকেটে ২৭৪ রান তুলে প্রথম দিন শেষ করেন তারা। অথচ দিনটা অন্যরকম হতে পারত ভারতের।
চার পেসার ও এক স্পিনার ভালোই পরীক্ষায় ফেলেছেন অজিদের। সাইনি কুচকির ইনজুরিতে ছিটকে পড়লেও বাকিরা সেই ঘাটতি পোষাণোর চেষ্টা করেন।
টস হারের পর ১৭ রানে ২ ওপেনারকে তুলে নিয়ে দুর্দান্ত শুরু এনে দেন মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। বরাবরের মতো অজিরা প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে স্মিথ-লাবুশেনের ব্যাটেই।
তবে সিডনি টেস্টের মতো বিপজ্জনক হয়নি এ জুটি (৭০)। স্মিথকে ফিরিয়ে অশ্বিনের শূনস্থানটা ঠিকঠাক মতোই পূরণ করেন অভিষিক্ত ওয়াশিংটন সুন্দর। এরপর লাবুশেনকেও দুই বার ফেরানোর সুযোগ পেয়েছিল সফরকারীরা। কিন্তু ক্যাচ দুটো ধরতে না পেরে অবাকই করেন রাহানে ও পুজারা।
তাতে ফল যা হওয়ার কথা তা-ই হয়েছে। দুই বার জীবন পাওয়া লাবুশেন তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পর ঠান্ডা মাথায় বড় ইনিংসের পথেই ছুটছিলেন তিনি। কিন্তু অভিষিক্ত পেসার টি নটরাজনের বাড়তি বাউন্সে থামেন ২০৪ বলে ৯ চারে ১০৮ রান করেন। এর আগে তার সঙ্গে ১১৩ রানের জুটি করে করা ম্যাথু ওয়েডকেও ফেরান নটরাজন। ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে এক সফরে তিন সংস্করণেই অভিষেক হলো এই পেসারের।
আরেকবার বিপর্যয়ের শঙ্কা জাগলেও দিনের শেষ ভাগটা অবিচ্ছিন্ন থেকেই কাটান গ্রিন-পেইন জুটি (৬১)।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৮৭ ওভারে ২৭৪/৫ (ওয়ার্নার ১, হ্যারিস ৫, লাবুশেন ১০৮, স্মিথ ৩৬, ওয়েড ৪৫, গ্রিন ২৮*, পেইন ৩৮*; সিরাজ ৫১-১, নটারাজন ৬৩-২, শার্দুল ৬৭-১, সুন্দর ৬৩-১)
