চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২৩

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২১:৫৭

চাকরির নামে প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুরের শাহ আলী, কাফরুল ও পল্ল­বী এবং তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় উদ্ধার হয়েছে ৫০ জন ভুক্তভোগী। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে সংশি­ষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-৪-এর উপঅধিনায়ক মেজর কামরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অনেককে এরই মধ্যে ঠকিয়েছে। হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা।

গ্রেফতারকৃতরা তাদের অপকর্মের কথা স্বীকার করেছে জানিয়ে মেজর কামরুল ইসলাম বলেন, চক্রটি রাজধানীসহ দেশের ভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামেবেনামে প্রতিষ্ঠান খুলত। অল্প শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অসচ্ছল তরুণ-তরুণীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রশিক্ষণের নামে অর্থ আদায় ও ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারক চক্রটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।

র্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হয়। চক্রের ২৩ জনকে গ্রেফতার করা হলেও আরো অনেক সদস্য এখনো অধরা রয়েছে। অভিযানের সময় ৫০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। 

যেসব প্রতিষ্ঠানে অভিযান :র্যাব জানায়, অভিযানে শাহ আলী থানার ‘লাইফ গার্ড সিকিউরিটি অ্যান্ড সাপ্লাই লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান থেকে ১০০টি জীবন বৃত্তান্তের ফর্ম, ১৫টি চাকরির আবেদন ফর্মের বই, চারটি রেজিস্টার, চারটি সিলমোহর, সাতটি মোবাইল, ২০০টি ভিজিটিং কার্ড ও নগদ ৫ হাজার টাকাসহ পাঁচ প্রতারককে গ্রেফতার করা হয়। তারা হলো, তাসলিমা সুলতানা, সায়মা ইসলাম, মৌসুমী আক্তার , সাইফুল ইসলাম ও রাকিব হোসেন ।

একইভাবে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ‘বিজবন্ড আইটি লিমিটেড’ নামে ভুয়া প্রতিষ্ঠান থেকে ৫০টি টাকা প্রাপ্তির রশিদ, ৩০০টি ভর্তি ফরম, ৬৫টি অঙ্গীকারনামা, ৭০টি চাকরির নিয়োগ ফরম, ২০০টি কমিশন ভাউচার, সাতটি রেজিস্টার, একটি প্যাড এবং চারটি মানি রিসিটসহ তিন প্রতারককে গ্রেফতার করা হয়। তারা হলো, সুমনা খাতুন , সোহেল ফরাজি ও শামীমা আক্তার।

এছাড়া পৃথক অপর অভিযানে কাফরুল থানার শাহ আলী প্লাজায় ‘ডিজিট-৪ সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস সার্ভিসেস লিমিটেড’ নামের ভুয়া প্রতিষ্ঠান থেকে ১০টি প্রচারপত্র, পাঁচটি আইডি কার্ড, ১০টি মনোগ্রাম ও ৪০টি ভর্তি ফরমসহ ছয় জন প্রতারককে গ্রেফতার করা হয়। তারা হলো, কামরুজ্জামান, মশিউর রহমান, মো. সোহাগ, মো. রুবেল, মমতাজ নায়রী ও শাহীনূর আক্তার।

পৃথক অপর অভিযানে তেজগাঁও থানা এলাকা থেকে ‘বিজবন্ড আইটি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৫টি টাকাপ্রাপ্তির রশিদ, একটি ভর্তি ফরমের বই, পাঁচটি চুক্তিপত্র, একটি সিল, ৫০টি ভিজিটিং কার্ড, ৪৫টি আইডি কার্ড, ১৫টি জীবন বৃত্তান্ত ও ১৫টি কমিশন ভাউচারসহ গ্রেফতার হয় প্রতারক চক্রের ৯ সদস্য। তারা হলো, আব্দুল হামিদ, আব্দুল জব্বার, গাজিউর রহমান, আব্দুস সালাম, মাহামুদা খাতুন, মাসুম কবির, ফরিদ ইমরান, এনামুল হক ও মাহমুদা খাতুন ।