তার্কিশ এয়ারলাইনসকে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:০৩

সনদ ছাড়া যাত্রী পরিবহন

ইত্তেফাক রিপোর্ট

কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও সনদ ছাড়াই তিন যাত্রীকে ঢাকায় নিয়ে আসে তার্কিশ এয়ারলাইনস। এই অপরাধে এয়ারলাইনসটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা যায়, গত ১৩ জানুয়ারি দুপুরে ইস্তাম্বুল থেকে তার্কিশ এয়ারলাইনসের যে ফ্লাইটটি ঢাকা এসে পৌঁছায়, সেখানে তিন যাত্রীর সঙ্গে কোভিড পরীক্ষার কোনো সনদ ছিল না। যাত্রীরা বাংলাদেশি, একই পরিবারের সদস্য এবং যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করে ইস্তাম্বুল হয়ে ঢাকায় পৌঁছান। ঐ তিন যাত্রী যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করার আগে একজন ডাক্তারের কাছ থেকে চেকআপ করিয়ে এই মর্মে সনদ নেন যে, কোভিডের কোনো লক্ষণ তাদের নেই। কিন্তু কোভিড শনাক্তের জন্য নির্ধারিত পিসিআর টেস্ট তারা কেউ করাননি। পিসিআর টেস্ট রিপোর্ট ছাড়া কোনো যাত্রীকে ফ্লাইটে উঠালে ঐ ফ্লাইট ঢাকায় পৌঁছার পর জরিমানা গুনতে হবে। এটা জেনেই তারা ঐদিন ইস্তাম্বুলে ঢাকা যেতে ইচ্ছুক ১০ জন যাত্রীর সঙ্গে কোভিড পরীক্ষার সনদ না থাকায় তাদের অফলোড করে দিয়েছিল বলে জানায়। এর পরেও চেকইনের দায়িত্বে থাকা ব্যক্তিবিশেষের ভুলে যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করা তিন যাত্রী ঢাকায় চলে আসেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদেশ থেকে বাংলাদেশে আসতে হলে আকাশযাত্রা শুরুর ৭২ ঘণ্টা বা তারও কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট হাতে নিয়ে আসতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। এ নিয়মের ব্যত্যয় ঘটালে এয়ারলাইন্স বিচারের মুখোমুখি হবে। আর যাত্রী যাবেন বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।