সাভারে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় বাসচাপায় এক তৈরি পোশাক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম রিয়াজুল ইসলাম (২৪)। গতকাল শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নছোপা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সে আশুলিয়ার চক্রবর্তী মোল্লা কলোনিতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে চাকরি করত। সাভার হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে রিয়াজুল নবীনগরে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এ সময় পলাশ পরিবহন নামে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিয়াজুলের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ। তবে এ ঘটনায় বাস কিংবা চালককে আটক করতে পারেনি পুলিশ।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহত পোশাক শ্রমিক রিয়াজুলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

অন্যদিকে সাভার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঠিকানা পরিবহনের বাসকে সাভার পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঠিকানা পরিবহনের ২০ যাত্রী আহত হয়। সাভার হাইওয়ে থানা পুলিশ বাস দুটিকে থানায় নিয়ে গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।