যুক্তরাজ্যফেরতদের কোয়ারেন্টাইনে ১৪ দিন নয়, থাকতে হবে চার দিন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:৪৬

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের ক্ষেত্রে কোয়ারেন্টাইনের নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে, হোটেল বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতার সময় ১৪ দিন থেকে কমিয়ে আনা হয়েছে চার দিনে। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাজ্য থেকে যারা আসবেন, তাদের সবাইকে চার দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। চার দিন পর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া না গেলে বাড়িতে গিয়ে তিনি বাকি ১০ দিনের (মোট ১৪ দিন) কোয়ারেন্টাইন সম্পন্ন করবেন। আর চার দিন পর নমুনা পরীক্ষায় কারো সংক্রমণ ধরা পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে সরকারনির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে।

গতকাল শুক্রবার থেকেই নতুন এ নিয়ম কার্যকর হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনায় জানানো হয়েছে। এতদিন যুক্তরাজ্যফেরত সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা, সিলেটের সিভিল সার্জন, দিয়াবাড়ী এবং আশকোনা হজ ক্যাম্পের ইনচার্জের কাছে পাঠানো নতুন নির্দেশনায় বলা হয়, নতুন নিয়মে চার দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময়টা যাত্রীদের নিজ খরচে সরকারনির্ধারিত হোটেলেই কাটাতে হবে। তবে কোনো যাত্রী হোটেলে যেতে না চাইলে তাকে সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। চার দিন পর নমুনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। আর ফল ‘পজিটিভ’ হলে সেই যাত্রীকে সরকারনির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। সেক্ষেত্রেও হাসপাতালের চিকিত্সা ব্যয় যাত্রীকে বহন করতে হবে।