দুই স্কুলছাত্র হত্যায় কিশোর গ্যাংয়ের ২৪ সদস্যের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০০:৩৬

নারায়ণগঞ্জের বন্দরে আলোচিত দুই স্কুলছাত্র হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোয়েন্দা পুলিশের দায়িত্বে থাকা এডিশনাল এসপি জাহেদ পারভেজ চৌধুরী শুক্রবার জানান, কয়েকদিন আগে চাঞ্চল্যকর এই মামলার চার্জশিট দেওয়া হয়েছে। মূলত দুই দল কিশোর গ্যাংয়ের মাঝে পড়ে হত্যার শিকার হয় জিসান ও মিহাদ নামে ওই দুজন স্কুলছাত্র। দুটি গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসলে তাদের পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর লাশ গুম করতে ফেলে দেওয়া হয় শীতলক্ষ্যা নদীতে।

গত বছরের ১০ আগস্ট বিকেলে শীতলক্ষ্যা নদীর পূর্বতীরে বন্দরের ইস্পাহানী ঘাট এলাকা থেকে বিকেলে কাজিমউদ্দিনের ছেলে জিসান (১৫) ও নাজিমউদ্দিন খানের ছেলে মিনহাজুল ইসলাম মিহাদ (১৮) নিখোঁজ হয়। রাতেই তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে নিহত জিসানের বাবা বন্দর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি কাজিমউদ্দিন বাদী হয়ে গ্রেফতার ছয় আসামিসহ ১৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো আটজনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্ত ২৪ জন স্থানীয় দুর্ধর্ষ কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। অভিযুক্তরা হলো আলভী, বড় শামীম, ছোট শামীম, শাকিল, সুজন, বাবু ওরফে টিঅ্যান্ডটি বাবু, নাহিদ, দেলোয়ার হোসেন বাবু, রাকিব, রয়েল, জাহান, বাবু, রবিন, সাজ্জাদ, ইমন, জয়, শান্ত, সজীব, রিয়াদ, রনি, রাজন, আবু মুসা, পাপ্পু। তাদের সবার বাড়ি বন্দর উপজেলার বিভিন্ন স্থানে। আসামিদের মধ্যে আলভী, দেলোয়ার হোসেন বাবু ও আবু মুসা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।