স্পোর্টস ডেস্ক
বৃষ্টির আগে রোহিত শর্মা আউট না হলে দিনটা ভারতেরই হতো। শততম টেস্ট খেলতে নামা নাথান লায়নকে তেড়ে এসে লং অনে ধরা পড়েন এই ওপেনার। এমন শটের পর রোহিতের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
তবে দিনশেষে গাভাস্কারের কথা কানেই নিলেন না রোহিত, ‘সোজা কথা, আমার কোনো আক্ষেপ নেই। এরকম শটই আমি খেলতে চাই। মাঠে ঢুকলে বোলারকে চাপে ফেলতে চাই আমি এবং দলে এটাই আমার ভূমিকা।’
রোহিত সেই ভূমিকায় সফল হতে পারেননি, তবে বোলাররা ঠিকই হয়েছেন। ৫ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ৩৬৯ রানেই। দ্বিতীয় দিন শেষে ব্রিসবেন টেস্টে ৩০৭ রানে পিছিয়ে থেকে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান। অধিনায়ক অজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়ে ক্রিজে আছে চেতেশ্বর পুজারা।
প্রথম দিন সেঞ্চুরির মাধ্যমে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মার্নাস লাবুশেন। কিন্তু ভারতের দ্বিতীয় সারির বোলিং লাইনআপের কাছে বেশিক্ষণ টিকেনি অজিরা। ফিফটি করেই শার্দুল ঠাকুরের বলে ফেরেন অধিনায়ক টিম পেইন। ভাঙে ক্যামেরন গ্রিনের সঙ্গে তার ৯৮ রানের জুটি। হাফসেঞ্চুরির ৩ রান দূরে থাকতেই গ্রিনের স্ট্যাম্প ফেলে দেন ওয়াশিংটন। টেল অ্যান্ডারদের মারকাটারি ব্যাটিংয়ে শেষ পর্যন্ত সাড়ে ৩০০ পার করে অজিরা। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন দুই অভিষিক্ত টি নটরাজন, সুন্দর ও শার্দুল। জবাবে শুরুতেই প্যাট কামিন্সের বলে স্লিপে ক্যাচ দেন শুভমান গিল। তারপরও রোহিতের ব্যাটে সে ধাক্কা কাটিয়ে উঠেছিল ভারত। কিন্তু ৪৪ রানে ফিরে যান এই ব্যাটসম্যান। চা-বিরতির পর বৃষ্টির কারণে আর মাঠে গড়ায়নি খেলা। আবহাওয়ার পূর্বাভাসে সিরিজ নির্ধারণী এই টেস্টের বাকি দিনগুলোতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া ১ম ইনিংস :৩৬৯ (গ্রিন ৪৭, পেইন ৫০, লায়ন ২৪, নটরাজন ৭৮-৩, শার্দুল ৯৪-৩, ওয়াশিংটন ৮৯-৩)। ভারত ১ম ইনিংস :৬২/২ (রোহিত ৪৪, গিল ৭, পুজারা ৮*, রাহানে ২*; কামিন্স ২২-১, লায়ন ১০-১)।
