দুই টেস্ট ও তিন টি-২০ খেলতে গতকাল পাকিস্তানে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ১৪ বছর পর পাকিস্তান সফরে এসেছে প্রোটিয়ারা। এর আগে ২০০৭ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে খেলেছিল দক্ষিণ আফ্রিকা দল। ঐ সফরে খেলোয়াড় থাকা মার্ক বাউচার এখন দেশটির হেড কোচ। কুইন্টন ডি ককের নেতৃত্বে গতকাল করাচিতে পা রেখেছে ২১ সদস্যের সফরকারী দল। করোনাকালে জৈব সুরক্ষা বলয়ের পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে প্রোটিয়ারা। করাচিতে প্রথম টেস্ট শুরু হবে ২৬ জানুয়ারি। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৪ ফেব্রুয়ারি। একই ভেন্যুতে ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি তিনটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের টি-২০ দলের বিশেষজ্ঞ ক্রিকেটাররা ৩ ফেব্রুয়ারি পাকিস্তানে আসবেন।
