আড়াইহাজারে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০০:১৪

আড়াইহাজারে অভিলাস বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর আহত হয়েছেন  এক ব্যবসায়ী। তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার পর অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ফেরার পথে অভিলাস পরিবহনের বাসে এই ঘটনা ঘটে। তার সহযাত্রী আরেক ব্যবসায়ী স্থানীয় ইলমদী গ্রামের মোশারফের ছেলে মাকসুদুল জানান, আহত ব্যক্তির নাম মোহসিন (২৫)। তিনি বি, বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার খোশকান্দি গ্রামের কামালের ছেলে। তিনি ঢাকার আবুজর গিফারী কলেজের বিবিএ’র ছাত্র এবং খিলগাঁও তালতলা মার্কেটে তার খেলাধুলা সামগ্রীর দোকান রয়েছে। অজ্ঞান পার্টির  সদস্যরা তার নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়।