ইত্তেফাক রিপোর্ট
বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির তারিখ নির্ধারণ করেছে মীর আক্তার হোসাইন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেলেই আগামী ২১ জানুয়ারি আইপিও লটারি আয়োজন করবে কোম্পানিটি। সূত্র মতে, বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং (নিলাম) প্রক্রিয়া সম্পন্ন করা মীর আক্তার হোসাইনের আইপিওর আবেদন গ্রহণ চলে গত বছরের ২৪ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এর আগে, গত ১৩ আগস্ট বিএসইসির ৭৩৫তম কমিশন সভায় মীর আক্তার হোসেনের বিডিং অনুমোদন দেওয়া হয়। পরবর্তীকালে কোম্পানির শেয়ার বিক্রির জন্য ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিডিং বা নিলাম অনুষ্ঠিত হয়। আর গত ৪ নভেম্বর বিএসইসির ৭৪৭তম সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়। মীর আক্তার বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করে। সংগ্রহিত অর্থ দিয়ে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে বলে জানিয়েছে। ২০২৯ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ দশমিক ৩২ টাকা।
