শীর্ষ নির্বাহীর বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

কোম্পানির শীর্ষ পদে আসীন হয়ে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাত্ করায় মামলা হয়েছে কেওয়াই স্টিলের নির্বাহী পরিচালক মুনির হোসাইন খানের বিরুদ্ধে।

জানা যায়, তার বিরুদ্ধে ২৬টি মামলা করা হয়েছে। কেওয়াই স্টিলের পক্ষ হতে ফৌজদারী কার্যবিধির ধারা ২২২ থেকে ২৩৪ ধারা অনুসারে মামলাগুলো দায়ের করা হয়েছে। ঢাকার গুলশান থানায়ও দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। কেওয়াই স্টিলের আইনজীবী আহসানুল হক হেনা বলেন, মুনির হোসাইন খান কেওয়াই স্টিলের সকল ক্ষমতার অধিকারী হয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে কোম্পানির প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাত্ করেছেন।

মুনির হোসাইন খান ভুয়া কাগজপত্র তৈরি করে কোম্পানির মালিকদের সব সময় সাফল্যের কথা বলতেন। অসঙ্গতি টের পাওয়ায় তাকে ২০১৮ সালেই কোম্পানি থেকে বরখাস্ত করা হয় বলে এক সংবাদ সম্মেলনে জানান কোম্পানির কর্মকর্তারা।