শ্রীরামকাঠীর কালীগঙ্গা নদীতে ফেরি চালু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:১৯

পিরোজপুর অফিস ও নাজিরপুর সংবাদদাতা

পিরোজপুর জেলার নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দর ও নেছারাবাদের (স্বরূপকাঠি) দৈহারীর মধ্যে ফেরি সার্ভিস চালু হয়েছে। গতকাল শনিবার পিরোজপুরের হুলারহাট-শ্রীরামকাঠী-স্বরূপকাঠী সড়কের ১৪ কিলোমিটারে কালীগঙ্গা নদীর ওপর এ নতুন ফেরি সার্ভিসের উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ৩১ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ইতিপূর্বে সড়ক ও জনপথ অধিদপ্তর বিভিন্ন পর্যায়ের নির্মাণ করেছিল। এর আগে কালীগঙ্গা নদীর দুই পাড়ে বিছিন্নভাবে হালকা যানবাহন চলাচল করতো। এই ফেরির চালুর ফলে পিরোজপুর জেলা সদর থেকে ইন্দুরহাট বন্দরসহ নেছারাবাদের পশ্চিম পাড়ে স্বল্প দূরত্বের সড়ক যোগাযোগ স্থাপিত হলো। পিরোজপুর থেকে নেছারাবাদ উপজেলা সদর হয়ে তিনটি ফেরি পেরিয়ে ইন্দুরহাটের বেশি দূরত্বের সড়ক যোগাযোগ ছিল।

কালীগঙ্গা নদীর ওপরে ফেরি উদ্বোধনের আগে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি শ্রীরামকাঠী বন্দরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। ফেরি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুরের ইউএনও ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল হালদার প্রমুখ।