বাউফলে কলেজ প্রভাষকসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
বাউফল (পটুয়াখালী) :বাউফলে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে সৈয়দ সারোয়ার হোসেন (৩২) নামে এক প্রভাষক নিহত হয়েছেন। গতকাল বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সদর ইউনিয়নের জৌতা গ্রামের বাসিন্দা এবং কনকদিয়া স্যার সলিমউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।
পীরগাছা (রংপুর) :পীরগাছায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার সৈয়দপুর বাজারসংলগ্ন রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটু (৩৫) উপজেলার পারুল গ্রামের সামছুল হকের ছেলে এবং মিল্লাত মাইটাল গ্রামের আউয়াল মিয়ার ছেলে।
আগৈলঝাড়া (বরিশাল) :আগৈলঝাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রতাপ মধু (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। প্রতাপ বাগদা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের প্রশান্ত মধুর ছেলে। গতকাল উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা স্লুইসগেট অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন।
চট্টগ্রাম :কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মানিক (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গত শুক্রবার রাতে পতেঙ্গা স্টিল মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিক একটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন। মানিক বন্দর চৌধুরীপাড়া এলাকার মো. নাছিরের পুত্র।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাট-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পারাপারের সময় ইজি বাইকের ধাক্কায় নাহিদ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল কালিকাবাড়ী ডা. খলিলুর রহমান টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাহিদ বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণীখালী গ্রামের মৃত. আফজাল ফকিরের ছেলে।
