মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের নেত্রী ও হল সংসদের সাবেক এজিএস ফাল্গুনী দাস ছাত্রলীগের তিন নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত শুক্রবার রাতে এ লিখিত অভিযোগ দেন তন্বী।
গত ২১ ডিসেম্বর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বঙ্গবন্ধু টাওয়ার এলাকায় মারধরের শিকার হন রোকেয়া হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস। মারধরের ঘটনায় তার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তার বিরুদ্ধে। সেদিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহজালাল তার মোবাইলফোন ছিনতাই করেন বলেও অভিযোগ ফাল্গুনীর। পরে ৫ জানুয়ারি জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে চিঠি দেন।
শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ বলেন, ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। যাচাই-বাছাইয়ে সত্যতা পাওয়া গেলে লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।
