করোনা নেগেটিভ হলেও শ্বাসকষ্টে ভুগছেন সিরাজুল আলম খান

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০০:০৮

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ‘রাজনৈতিক তাত্ত্বিক ব্যক্তিত্ব’ হিসেবে পরিচিত ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত তার অবস্থার উন্নতি হলেও এরপর থেকে শ্বাসকষ্ট বেড়ে যায়। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

সিরাজুল আলম খানের ঘনিষ্ঠজন মোশারেফ এইচ মন্টু গতকাল ইত্তেফাককে জানান, তার রক্তচাপ বর্তমানে প্রায় স্বাভাবিক। চিকিত্সকরা যেসব পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন সবগুলোর রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে সিরাজুল আলম খান হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে উদগ্রীব। তার চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ড গতকালও বৈঠকে বসেছে। সবগুলো রিপোর্ট আসার পর চিকিত্সকরা সেগুলো দেখে পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

সিরাজুল আলম খানের চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. জামাল গতকাল সাংবাদিকদের জানান, করোনার পরীক্ষা নেগেটিভসহ এখন পর্যন্ত প্রাপ্ত অন্যান্য রিপোর্ট ভালো। তাকে মুখে খাবার দেওয়া হয়েছে।

রাজনীতির রহস্য পুরুষ খ্যাত সিরাজুল আলম খান বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করলে রাত ৯টার দিকে প্রথমে তাকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকদের পরামর্শে রাত ১২টার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যালে।