রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম মামলার রায় দেবেন। এর আগে ১০ জানুয়ারি আসামি আব্দুল করিমের পক্ষে তার আইনজীবী অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ করেন। শুনানি শেষে রায় ঘোষণা জন্য এ তারিখ নির্ধারণ করেন বিচারক।
মামলার আসামিরা হলেন—নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা ও মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমানে মুফিদুল ইসলাম রোডের ৭৯/১ বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (‘ও’ লেভেলের শিক্ষার্থী) গলাকেটে হত্যা করা হয়। নিহতের স্বামী আব্দুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আদা, রসুন ও পেঁয়াজের আমদানিকারক। ঐ ঘটনায় নিহতের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
