বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জুয়েল (৩৮) নামে ২৫ লাখ টাকা ছিনতাই মামলার এক আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দিবাগত রাত একটার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাতে শিবগঞ্জ উপজেলার মশলা গবেষণা কেন্দ্রের সামনে থেকে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবি পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইয়াছিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ইয়াছিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ইয়াছিনের আদালতে দেয়া স্বীকারোক্তির সুত্র ধরে জেলা ডিবির ওসির নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাত আনুমানিক একটার দিকে এই মামলার আরেক আসামিকে ধরতে ও লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য অভিযান চালায়। শিবগঞ্জের বিহার গ্রামের পশ্চিম পাড়ার জনৈক হাফিজারের বাড়ির নিকট ডিবি পুলিশ পোঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তার হাতে একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড গুলি পাওয়া যায়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তিনি জানান তার নাম জুয়েল(৩৮)। তিনি একই এলাকার মৃত আয়েজ আয়েজ ফকিরের ছেলে। তিনি মশলা গবেষণা কেন্দ্রের সামনের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত টাকার ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
