উইকেট নিয়ে দ্বিধায় উইন্ডিজ কোচ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:২৩

স্পোর্টস রিপোর্টার

ওয়ানডে সিরিজে সব দিক বিবেচনা করেই ভারসাম্য বাংলাদেশ দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এই ভারসাম্য যেন দ্বিধায় ফেলে দিল ওয়েস্ট ইন্ডিজ হেড কোচ ফিল সিমন্সকে। স্বাগতিক স্কোয়াডের ওপর ভিত্তি করেই উইকেটের চিত্র কেমন হবে সে নিয়ে আন্দাজ করে থাকে সফরকারীরা। কিন্তু এবার সেটা ভাবারই অবকাশ পাচ্ছেন না সিমন্স।

১৮ সদস্যের বাংলাদেশ দলে চার জন মূল স্পিনারসহ পেসার আছেন ছয় জন। এতো পেসার থাকাটা যেমন চমকে দিচ্ছে সিমন্সকে ঠিক তেমনই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন স্পিনাররা।  তাই উইকেট নিয়ে সিমন্স বলেন, ‘তাদের (বাংলাদেশ) এখনো চার জন মূল স্পিনার রয়েছে। পরিবর্তনের কথা ভেবে যদি তারা দুই বা তিন জন ফাস্ট বোলার ব্যবহার করে, তাহলে আমরা হয়তো ভালো উইকেটে খেলতে পেতে পারি। এটা ভালো একটা দিক হতে পারে আমাদের জন্য কিন্তু সেখানেও চার স্পিনার থাকবে।’ উইকেটে পেস থাকুক বা স্পিন শিষ্যরা যেন সেই জালে বন্দি না হয় সেই প্রত্যাশাই করছেন সিমন্স। নিয়মিত ১২ ক্রিকেটার না আসায় টাইগারদের থেকে অভিজ্ঞতায় অনেক পিছিয়ে তার দল। তবে আন্ডারডগ হিসেবে চমক দেখাতে চান তিনি, ‘তারা চার বা পাঁচ স্পিনার নিয়েই খেলুক না কেন, আশা করছি পরিস্থিতি যেন আমাদের হাতেই থাকে। এনিয়ে আমরা কীভাবে চিন্তা করব, সেটাই খেলায় ভূমিকা পালন করবে। আমাদের আন্ডারডগ লাগছে, তাই আশা করি এই তকমাটাই আমাদের ওপরে ওঠাবে।’

এদিকে আজ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।