২০১৫ সালে স্বদেশি ফুটবলার ম্যাথু ভ্যালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগ আসে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার বিরুদ্ধে। এর পর থেকেই জাতীয় দল থেকে ব্রাত্য এই স্ট্রাইকার। কিন্তু দল থেকে ব্রাত্য হওয়ার জন্য ম্যানেজার দিদিয়ের দেশমকে বরাবরই দোষারোপ করে গেছেন বেনজেমা। ফ্রান্সের বর্ণবাদী একটি গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে তাকে দলে নিচ্ছেন না দেশম, ২০১৬ সালে এই অভিযোগই করেছিলেন বেনজেমা। এবার দেশম দাবি করলেন, পরবর্তীতে তার পরিবারের ওপর হওয়া একাধিক সন্ত্রাসী হামলার পিছনের অনুঘটক ছিল বেনজেমার এই কথাই। নিজের প্রাক্তন শিষ্যকে কখনোই ক্ষমা করতে পারবেন না বলেও জানিয়েছেন এই বিশ্বকাপজয়ী ম্যানেজার। তবে শুধু বেনজেমা নয়, দেশমের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ রেখেছিলেন ফ্রান্স জাতীয় দলের সাবেক তারকা এরিক ক্যান্টনাও।
