ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
গোমস্তাপুর (চাঁপাইনাববগঞ্জ) :উপজেলার রাধানগর ইউনিয়নের ডুবার মোড়ে ইটের খোয়া ভাঙানো ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাদশা (৩৫) ও সোহেল (৩৬) নামের দুই জন নিহত হয়েছেন। রবিবার দুপুরের এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা :রবিবার কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল গফফার হাওলাদার (৬০) নামের এক সাইকেলচালক নিহত হয়েছেন। সকালে নগরীর খানজাহান আলী থানার গিলাতলা মাতমডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার রায় বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কিশোরগঞ্জ (নীলফামারী) : কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নে শনিবার রাতে ট্রলির সঙ্গে ধাক্কা লেগে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম খাদিজা বেগম (৬০)। তিনি বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ বাহাগিলি হুরকাপাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাট-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম নাহিদ ফকির (৬)। সে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণীখালী গ্রামের মৃত আফজাল ফকিরের ছেলে।
চাটমোহর (পাবনা) : চাটমোহরে শনিবার রাতে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন সরকার ফেলা (৮০)। চাটমোহর-পাবনা সড়কের রেলবাজার মোহাম্মদপুর কওমি মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাশির জানিয়েছেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি তারা।
আদমদীঘি (বগুড়া) : আদমদীঘিতে শনিবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্যাক্টরের ধাক্কায় এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু বক্কর।
