সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জের ধরে পিতার ওপর অভিমান করে বিষপানে মা ও ২ মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার ডায়া গ্রামে লালমিয়া হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪৩), মেয়ে রাজিয়া খাতুন (১৯) ও লাবনী খাতুন (১০)।
শাহজাদপুর থানার ওসি শহিদ মাহমুদ খান ও পারিবারিক সূত্রে জানা যায়, তাঁতের কাপড় ব্যবসায়ী লালমিয়ার সঙ্গে তার স্ত্রীর কলহ চলে আসছিল। গত দুই দিন ধরে সে বাড়িতে আসে না। এ কারণে পরিবারে চরম অশান্তি বিরাজ করছিল। রবিবার সকালে জাহানারা খাতুন বিষপান করে ও গর্ভবতী মেয়ে রাজিয়া খাতুনকেও তা খাওয়ায়। এরপর ছোট মেয়ে লাবনী বাড়ি এলে তাকেও বিষ খাওয়ায়। লাবনী বিষ খাওয়ানোর বিষয়টি বুঝতে পেরে বাবাকে ফোন দিয়ে বলে তাদের মা সবাইকে বিষ খাইয়েছে। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সকরা তাদের মৃত ঘোষণা করেন।
