নরসিংদীতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০০:২০

বিড়িশিল্প ও শ্রমিক বাঁচাতে শুল্ক কমানোসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। গতকাল রবিবার সকালে নরসিংদী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা চলতি অর্থবছরের বাজেটে বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার, বিড়িতে অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, সিগারেটের ন্যায় বিড়িতেও তিনটি মূল্যস্তরকরণ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ভারতের ন্যায় বিড়িশিল্প সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, নরসিংদী জেলা বিড়িশ্রমিক নেতা আলী নোমান প্রমুখ। মানববন্ধন শেষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা। —প্রেস বিজ্ঞপ্তি।