কয়েক হাজার কোটি টাকা পাচারে জড়িত কানাডায় পালিয়ে থাকা পি কে হালদারের বক্তব্য নিউজ ও টকশো ‘একাত্তর জার্নাল’-এ প্রচার করায় বেসরকারি ৭১ টেলিভিশনকে সতর্ক করেছে হাইকোর্ট। একই সঙ্গে ভবিষ্যতে বিচারাধীন মামলায় অভিযুক্ত ও পলাতক আসামির বক্তব্য প্রচারের ক্ষেত্রে সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে সতর্ক থাকতে বলা হয়েছে। ৭১ টিভির বিরুদ্ধে দুদকের করা আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেয়।
হাইকোর্ট বলেছে, ৭১ টিভি হলফনামা দিয়ে আদালতে বলেছে, পি কে হালদারের বক্তব্য অসত্ উদ্দেশ্য থেকে নয়, সরল বিশ্বাসে টিভিতে প্রচার করেছে। আদালতের মর্যাদা খাটো করে এমন উদ্দেশ্যে তা করা হয়নি। এছাড়া পলাতক আসামির বক্তব্য প্রচার করা যাবে না—এমন কোনো নির্দেশনাও আদালতের ছিল না। তাদের এই বক্তব্য গ্রহণ করে ৭১ টিভিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে বিচারাধীন মামলায় পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে হাইকোর্টের ইতিপূর্বে দেওয়া নিষেধাজ্ঞা বহাল রাখা হলো। আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক ও ৭১ টিভির পক্ষে মুহাম্মদ আশরাফ আলী শুনানি করেন।
