ডিজিটাল বুথ :১২ হাউজের আবেদন অগ্রহণযোগ্য

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধি, ব্রোকার হাউজের ব্যবসা প্রসার ও বিনিয়োগকারীদের সেবা সহজ করতে দেশে এবং বিদেশে ডিজিটাল বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতিমধ্যে এ সংক্রান্ত নীতিমালা তৈরির পাশাপাশি নির্দেশনাও জারি করা হয়েছে। তবে নির্দেশনা জারির পর, সব শর্ত পালন করে কেবল আইল্যান্ড সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে দেশের অভ্যন্তরে ডিজিটাল বুথ স্থাপনের জন্য আবেদন জমা দিয়েছে। এছাড়া আরো ১২টি ব্রোকারেজ হাউজ আবেদন জমা দিলেও তা গ্রহণযোগ্য নয় বলে মনে করছে বিএসইসি। সূত্র জানায়, ডিজিটাল বুথ স্থাপনের জন্য বিএসইসির কাছে আবেদন জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত মোট ১৩টি ব্রোকারেজ হাউজ। এর মধ্যে ১১টি ব্রোকারেজ হাউজ সিএসইর মাধ্যমে এবং প্রথকভাবে ডিএসইর দুইটি ব্রোকারজে হাউজ আবেদন জানিয়েছে। এই ১৩টি ব্রোকারেজ হাউজ বিভিন্ন জেলায় মোট ১৬৩টি বুথ স্থাপনের জন্য আবেদন জানিয়েছে। আর বিদেশের ১৩টি দেশে বুথ স্থাপনের জন্য আবেদন করেছে হাউজগুলো। তবে এর মধ্যে মাত্র একটি ব্রোকারেজ হাউজ সব শর্ত পরিপালন করে বিএসইসিতে আবেদন জানিয়েছে।