এক দিনের ব্যবধানে অর্ধেকে ডিএসইর লেনদেন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৩৭

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম দিন রবিবারের মতো গতকাল সোমবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আর টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

জানা গেছে, গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৬৫ কোটি ২৮ লাখ টাকা বা ৩৬ দশমিক ২৮ শতাংশ কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকার।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০১ দশমিক ৭২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ৫ দশমিক ৩৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৭৯ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ৪ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৩ দশমিক ৯৬ পয়েন্টে, ২ হাজার ১৯৫ দশমিক ০২ পয়েন্টে এবং ১ হাজার ২৬০ দশমিক ০৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬২টির বা ১৭ দশমিক ৪১ শতাংশের, শেয়ার দর কমেছে ২২২টির বা ৬২ দশমিক ৩৫ শতাংশের এবং ৭২টির বা ২০ দশমিক ২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৮ দশমিক ৪৩ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দর বেড়েছে, কমেছে ১৬২টির আর ৫০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।