ইত্তেফাক রিপোর্ট
রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক-২) শীর্ষক প্রকল্পে বাড়তি ৬৫ লাখ ডলার (৫৫ কোটি ২৫ লাখ টাকা) অতিরিক্ত অর্থ ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে গতকাল সোমবার চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ং টিমবন ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। ইআরডি জানিয়েছে, প্রকল্পের মূল চুক্তির আওতায় বরাদ্দকৃত ডলার এবং এসডিআরের বিনিময় হার পরিবর্তন হওয়ায় কিছু ঘাটতি তৈরি হয়। যার কারণে বাড়তি এই ঋণ গ্রহণ করা হচ্ছে। বাড়তি এই অর্থায়ন ছাড়াও প্রকল্পের মেয়াদ ছয় মাস বাড়িয়ে চলতি বছর জুন পর্যন্ত করা হয়েছে। অতিরিক্ত অর্থায়নে রস্ক-২ প্রকল্পের মাধ্যমে কক্সবাজার জেলার আটটি উপজেলায় এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ১৫ থেকে ২৪ বছর বয়সি যুবক-যুবতিদের (৮ হাজার ৫০০ জন) দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ট্রেডে প্রি-ভোকেশনাল প্রশিক্ষণ প্রদান করা হবে। সেইসঙ্গে ১০টি সিটি করপোরেশনের আওতায় ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত ৩১ হাজার ২০০ বস্তিবাসী শিশুর প্রথমিক শিক্ষা কার্যক্রম গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ং টিমবন এক প্রেসবার্তায় উল্লেখ করেন, করোনা মহামারির ফলে দরিদ্র্য পরিবারগুলোর শিশুদের শিক্ষাব্যবস্থায় অনেক বিরূপ প্রভাব ফেলেছে। বাড়তি এই অর্থায়ন শহুরে বস্তি পরিবারগুলোর শিশু এবং যুবদের নতুন সুযোগ তৈরির ভিত্তি তৈরিতে সহায়তা করবে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইআরডি জানিয়েছে, বার্ষিক ১ দশমকি ২৫ শতাংশ সুদে ৫ বছর রেয়াতকালসহ ৩০ বছরে ঋণ শোধ করতে হবে। এর সার্ভিস চার্জ ধরা হয়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ এবং অনুত্তোলিত অর্থের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিতে হবে। তবে দীর্ঘদিন যাবত্ এই কমিটমেন্ট চার্জ মওকুফ রয়েছে।
