জার্মান দল আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে খেলা ক্যারিয়ার সেরা মৌসুমের পরই ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়েছিলেন লুকা ইয়োভিচ। তবে ৬০ মিলিয়ন ইউরোর দলবদলে রিয়ালে পা রাখার পরই যেন নিজেকে হারিয়ে ফেলেন এই সার্বিয়ান। দেড় বছরে মাত্র ২ গোল করার পর জিনেদিন জিদানের দলে একরকম ব্রাত্যই হয়ে পড়েছিলেন তিনি। তাই এই শীতকালীন দলবদলে তাকে আবার ফ্রাঙ্কফুর্টে ফেরত পাঠানো হয় লোনে। রবিবার বুন্দেসলিগায় ফিরেই দারুণ সূচনা করলেন ইয়োভিচ। শালকের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৯ মিনিটের মধ্যেই গোলের দেখা পেলেন এই সার্বিয়ান। অতিরিক্ত সময়ে আরেক গোল করে দলের জয়ও নিশ্চিত করলেন। যার ফলে রিয়ালের হয়ে ৩২ ম্যাচে ২ গোল করা ইয়োভিচ ফ্রাঙ্কফুর্টের হয়ে ২৮ মিনিটেই করলেন ২ গোল।
