ইত্তেফাক রিপোর্ট
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক। ঐ আপিল শুনানির জন্য গ্রহণ করে ইশরাককে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আত্মসমর্পণের পর তার জামিন আবেদন বিবেচনা করতে বলেছে হাইকোর্ট। বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান শুনানি করেন।
গত বছরের ২৩ নভেম্বর সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে খালাস দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৪। ২০১০ সালের ৩০ আগস্ট রাজধানীর রমনা থানায় ইশরাকের বিরুদ্ধে এ মামলাটি করে দুদক।
দুদক কৌঁসুলি জানান, বিশেষ আদালতের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। যে আদালত তাকে খালাস দিয়েছেন সেখানে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আত্মসমর্পণের পর ইশরাককে জামিন দিতে সংশ্লিষ্ট আদালতকে বলেছে হাইকোর্ট।
