নাভালনির মুক্তি দাবি বিশ্ব নেতাদের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২২:৩৪

রাশিয়ায় আটক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সই নাভালনির মুক্তি দাবি করেছেন বিশ্ব নেতারা। তারা নাভালনির বিরুদ্ধে মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তবে রাশিয়া এই আহ্বানকে খুব বেশি আমলে নিচ্ছে না। দেশটির এক আদালত বিচার পূর্বেই ৩০ দিন আটকে রাখার নির্দেশ দিয়েছে। নাভালনির বিরুদ্ধে অভিযোগ তিনি প্যারোলের বিধি ভঙ্গ করেছেন। খবর আলজাজিরার

প্রায় পাঁচ মাস পর জার্মানি থেকে রাশিয়ায় ফিরেই মস্কো বিমানবন্দরে আটক হন নাভালনি। গত আগস্টে তাকে বিষ প্রয়োগ করার পর তিনি জার্মানিতেই চিকিত্সা নেন। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্ব নেতৃবৃন্দ নাভালনির মুক্তি দাবি করেছেন। জাতিসংঘের মানবাধিকার পরিষদ টুইটার বার্তায় নাভালনির দ্রুত মুক্তি দাবি  করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নাভালনির গ্রেফতারকে একটি বড় সমস্যা বলে উল্লেখ করেছেন। এমনকি প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানও নাভালনিকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন এবং তার মুক্তি চেয়েছেন। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, পোলান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার সরকার নাভালনিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।