যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে অন্তর্ঘাতমূলক হামলার আশংকা করছে পেন্টাগন। এই হামলা ঠেকাতে মোতায়েন করা ন্যাশনাল গার্ড সদস্যদের অতীত পরীক্ষা করছে এফবিআই। এদিকে দেশটির বিভিন্ন রাজ্যে রবিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা সশস্ত্র বিক্ষোভ করেছে। মেয়াদের শেষ দিনে প্রেসিডেন্ট ট্রাম্প আরো ১০০ জনকে ক্ষমা করছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় কাল ২০ জানুয়ারি বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায় এবং বাইডেনের শপথ অনুষ্ঠিত হবে। খবর বিবিসি, ডেইলি মেইল ও সিএনএনের
শপথেই হামলার আশংকা :মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, বাইডেনের শপথ অনুষ্ঠানে সরকারি বাহিনীর সদস্যরাই হামলা চালাতে পারেন। এ নিয়ে ব্যাপক উদ্বেগ কাজ করছে। এজন্য শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ডের প্রত্যেক সদস্যের অতীত জীবন পরীক্ষা করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। নিরাপত্তা বাহিনীর সদস্যরাই বাইডেনের জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় এক সেনা কর্মকর্তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ৩০ বছর বয়সী টিমোথি হেল কুজানেলি শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী এবং নািসদের সমর্থক। এসোসিয়েটেড প্রেসি (এপি) জানিয়েছে, সেনাবাহিনী ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্তত ২২ জন সদস্য এইক গোত্রভুক্ত। সরকারি নথি, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ভিডিও দেখে এসব তথ্য জানা গেছে। আরো অনেকের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। আর্মি সেক্রেটারি রায়ান ম্যাককার্থি এপিকে জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন। তারা কমান্ডারদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। রবিবারই নিউ মেক্সিকোর একজন কাউন্টি কর্মকর্তাকে ওয়াশিংটনে গ্রেপ্তার করা হয় ৬ জানুয়ারির ক্যাপিটল ভবনের দাঙ্গার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে। ‘কাউ বয়েজ ফর ট্রাম্প’ নামে একটি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কুই গ্রিফিন প্রতিজ্ঞা করেছেন যে তিনি অভিষেকের দিন আগ্নেয়াস্ত্র নিয়ে ফিরে আসবেন।
অভিষেকের আগে ওয়াশিংটন ডিসির অধিকাংশ এলাকাকেই লকডাউন করে রাখা হয়েছে। অভিষেকের দিন সাধারণত ন্যাশনাল ম্যালে বহু মানুষের সমাগম ঘটে। তবে সিক্রেট সার্ভিসের অনুরোধে এবারে তা বন্ধ রাখা হয়েছে। বাইডেনের কর্মকর্তারা এরই মধ্যে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন যে মহামারির কারণে তারা যেন অভিষেকে অংশ নিতে ওয়াশিংটনে না আসেন। হামলার আশংকা থাকলেও বাইডেন-কমলা হ্যারিসের শপথে জাঁকজমকের ত্রুটি রাখতে চাইছে না হোয়াইট হাউজ। ওই দিন মঞ্চে জাতীয় সঙ্গীত গাইবেন লেডি গাগা। অনুষ্ঠান থাকবে জেনিফার লোপেজ, আমান্ডা গরম্যানেরও।
ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য আইনসভার সামনে বিক্ষোভকারীদের ছোট ছোট দল দেখা গেছে, যাদের কেউ কেউ ছিল আবার সশস্ত্র। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে সহিংস হামলার পর জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন সহিংসতার শঙ্কার মধ্যেই এসব ঘটনা ঘটছে। টেক্সাস, ওরেগন, মিশিগান, ওহাইও এবং অন্যান্য কিছু রাজ্যের স্থানীয় ক্যাপিটল ভবনের বাইরে বিক্ষোভ হয়েছে। এফবিআই সতর্ক করে বলেছে, বুধবার নতুন প্রেসিডেন্টের অভিষেককে সামনে রেখে সশস্ত্র বিক্ষোভ হতে পারে। গত সপ্তাহ থেকেই সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় বহু শহরেই নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছিল। শহরগুলোতে ব্যারিকেড বসানো হয়েছিল। মোতায়েন করা হয়েছিল হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য।
ট্রাম্প সমর্থক এবং কট্টর ডানপন্থীদের অনলাইন নেটওয়ার্কগুলোতে রবিবার সশস্ত্র বিক্ষোভের আহ্বান জানিয়ে পোস্ট করা হয়। যদিও কিছু মিলিশিয়া তাদের সমর্থকদের এই বিক্ষোভে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছিল এই যুক্তিতে যে, নিরাপত্তা কড়াকড়ির মধ্যে এসব বিক্ষোভে যোগ দেওয়া হবে ফাঁদে পা দেওয়ার শামিল।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওহাইও অঙ্গরাজ্যের কলাম্বাসের স্টেট হাউজের সামনে বুগালু বয়েজ আন্দোলনের ২৫ জনের মতো সদস্য জড়ো হয়েছিল, যারা ভারী অস্ত্রে সজ্জিত ছিল। তবে মার্কিন সরকারকে উত্খাত করতে চাওয়া এই চরমপন্থি গোষ্ঠীটি বলছে, তাদের এই জমায়েত ছিল আগ্নেয়াস্ত্রের অধিকারের পক্ষে অনেক আগে পরিকল্পনা করা একটি সমাবেশ। এদিকে মিশিগানে ২০-২৫ মানুষকে দেখা যায় ল্যানসিংয়ের সেন্ট হাউজের সামনে প্রতিবাদ করতে। এদের কয়েকজনের হাতে রাইফেল ছিল। ডজনখানেক বিক্ষোভকারীর একটি ছোট দল জড়ো হয়েছিল অস্টিন শহরে টেক্সাস অঙ্গরাজ্যের ক্যাপিটলের সামনে। এদেরও কয়েকজনের হাতে রাইফেল ছিল।
আরো ১০০ জনকে ক্ষমা করবেন ট্রাম্প
বুধবার সকাল আটটায় বিদায় নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রিউজে তাকে বিদায় জানানো হবে গার্ড প্রদান এবং গান স্যালুটের মাধ্যমে। হোয়াইট হাউজ থেকে আমন্ত্রণ পাঠানো হলেও অনুষ্ঠানের বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে বিদায়ের দিনে প্রেসিডেন্ট ট্রাম্প শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ১০০ অপরাধীকে ক্ষমা করবেন। তবে তিনি নিজেকে এবং তার পরিবারের সদস্যদের ক্ষমা করছেন না। বিদায়ের পরই এয়ার ফোর্স ওয়ানে চড়ে ফ্লোরিডার মার-এ-লাগোর উদ্দেশে ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প।
অগ্নিকা্লে বন্ধ প্রস্তুতির মহড়া
ক্যাপিটল হিলের পেছনে একটি ব্রিজের নিচে একটি ঘরে আশ্রয়হীন এক নারী আগুন ধরিয়ে দেন। এ সময় নিরাপত্তা বিভাগ অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতির মহড়া সাময়িক সময়ের জন্য বাতিল করে। সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। জানালার কাছে কাউকে না আসতে বলা হয়। ক্যাপিটল হিলের পেছনে এই ব্রিজের নিচের ঘর থেকে ব্যাপক ধোঁয়ার উত্পত্তি হয়। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগ জানায়, এতে কেউ হতাহত হননি।
