গাজীপুরে হামলায় আহত ছোট ভাইকে হাসপাতালে নেওয়ার পথে ফের হামলা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০০:১৬

গাজীপুরে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের জোলারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শহিদুল ইসলাম (৪৫)। তিনি জোলারপাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আঃ রশিদকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের স্ত্রী জয়নব বেগম ও ছেলে সুজন আল মামুন জানান, সরকারি জমি থেকে গাছ কাটাকে কেন্দ্র করে এক বছর আগে একই এলাকার আকতার হোসেন গংদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ভাই শহিদুল ইসলাম ও আঃ রশিদকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আঃ রশিদ জোলারপাড় বাজার থেকে বাড়ি ফেরার পথে নাগপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ আকতার হোসেন তার সহযোগীদের নিয়ে রশিদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় রশিদ দৌড়ে বাড়ি ফেরে। তাকে হাসপাতালে নেওয়ার জন্য বড় ভাই শহিদুল ইসলাম জোলারপাড় বাজার থেকে একটি অটো রিকশা নিয়ে বাড়ি আসেন। আহত ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে ফের কোপানো হয়। মৃত ভেবে তারা আহতদের ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শহিদুল ইসলাম মারা যায়। গুরুতর আহত আঃ রশিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে তার স্বজনরা জানায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে শহিদুল ইসলাম নামে একজনকে হত্যা করেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।