সাভারে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক রাজমিস্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ ধর্ষক হাবিবুর রহমানকে (৩৫) গ্রেফতার করতে পারেনি। গতকাল সোমবার ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল।
জানা যায়, গত শনিবার সাভারের রাজাশন মণ্ডলপাড়া এলাকায় ভাড়া বাসায় ঐ শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় হাবিবুর। অভিযুক্ত হাবিবুর ঐ এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করত বলে জানা গেছে। শিশুটির স্বজনরা জানান, গত ১৬ তারিখে পৌর নির্বাচনে সবাই ভোট কেন্দ্রে যাওয়ায় শিশুটি তার মামাতো বোনের সঙ্গে বাড়িতেই খেলা করছিল। এ সময় লম্পট হাবিবুর শিশুটিকে একা পেয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির বাবা তাকে খুঁজে না পেলে রাজমিস্ত্রী হাবিবুর তাকে ডেকে নিয়ে গেছে বলে জানায় শিশুটির মামাতো বোন। পরে হাবিবুরের ঘরের দরজা বন্ধ পেয়ে ধাক্কা দিলেই লম্পট হাবিবুর শিশুর বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
