সিলেটে ইয়াবা বিক্রির সময় এসআই আটক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০০:৩৫

নগরীতে ইয়াবা বিক্রি করার সময় পুলিশের এসআই রোকন উদ্দিন ভুঁইয়াকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সোমবার বিকালে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। দুই বছর আগে থেকে তিনি সাময়িক বরখাস্ত ছিলেন।

গতকাল রীমা, জসিম উদ্দিন, ফাহিম শাহরিয়ার ও ফরিদ আহমেদ নামে আরো চার জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৮২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, রুকনসহ আটককৃত সবার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

জানা যায়, এসআই রোকন উদ্দিন ভুঁইয়া সাময়িক বরখাস্ত হয়ে সিলেটের আর্মড পুলিশ ব্যাটালিয়নের লালাবাজার ব্যারাকে সংযুক্ত ছিলেন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অভিযোগে কথিত স্ত্রীসহ রোকনকে আটক করেছিল র্যাব-৯।