শীতের বিকেলে চায়ের সঙ্গে টা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৮:১৯

শীতের বিকেল মানেই জমপেশ এক কাপ চা, আর চায়ের সঙ্গে যদি মজাদার সব খাবার থাকে তাহলে তো আর কথাই নেই। তাই খুব সহজেই এখন চায়ের সঙ্গে মজাদার ‘টা’ উপভোগ করুন। রেসিপিগুলো দিয়েছেন ফাহা হোসেন

আমন্ড কোকোয়া কুকিজ

 

উপকরণ :ময়দা ১ কাপ, ডিম ২টি, বাটার ৪ টেবিল চামচ, কোকো পাউডার ২ টেবিল চামচ, আইসিং সুগার ৬ টেবিল চামচ, তরল দুধ আধা কাপ, আমন্ড স্লাইস ৪ টেবিল চামচ।

প্রণালি :প্রথমে ময়দা,ডিম, বাটার, কোকো পাউডার, আইসিং সুগার ও প্রয়োজনমতো তরল দুধ দিয়ে খামির করে নিতে হবে। এরপর রুটির মতো বেলে তার ওপর আমন্ড কুচি ছড়িয়ে পছন্দমতো আকারে কেটে নিতে হবে। এবার ৩৫০ ডিগ্রিতে ১০ মিনিট বেক করে চায়ের সঙ্গে উপভোগ করুন।

 

চকলেট কাপ কেক উইথ ক্রাশড আমন্ড

 

উপকরণ :ময়দা ৩ কাপ, চিনি (সাধারণ চিনি) ২ কাপ, কোকো পাউডার আধা কাপ, লবণ স্বাদমতো, বেকিং সোডা ২ চা চামচ, ভেজিটেবল অয়েল কোয়ার্টার কাপ, পানি ২ কাপ, ভিনেগার ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ২ চা চামচ, ক্রিম চিজ ৮ আউন্স, ডিম ১টি, সাদা চিনি আধা কাপ, ক্রাশড আমন্ড ১ কাপ।

প্রণালি :ওভেন ৩৫০ ডিগ্রিতে প্রি-হিট করে নিতে হবে। একটি বাটিতে ময়দা, চিনি, কোকো পাউডার, লবণ, বেকিং সোডা, ভেজিটেবল অয়েল, পানি, ভিনেগার ও ভ্যানিলা এসেন্স দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে এবং মাফিন কাপে ঢেলে রেডি করে নিতে হবে। মাফিন কাপের দুই-তৃতীয়াংশ করে ঢেলে নিতে হবে যেন বেক করার পর ফুলে কেকের আকারেই থাকে। এবার প্রি-হিট করা ওভেনে ২৫ মিনিট বেক করতে হবে। কাপ কেকের ওপর ফিলিং দেওয়ার জন্য একটি বাটিতে ক্রিম চিজ, ডিম, চিনি দেড় কাপ এবং সামান্য লবণ দিয়ে বিট করে নিতে হবে, সঙ্গে ক্রাশড এলমন্ড মেশাতে হবে। কেক ঠাণ্ডা হয়ে এলে ফিলিং দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চকলেট কাপ কেক উইথ ক্রাশড এলমন্ড।

 

ভেজ পিজ্জা

 

উপকরণ :ময়দা ১ কাপ, তরল দুধ আধা কাপ, ইস্ট ২ চা চামচ, মোজারেলা চিজ ২ টেবিল চামচ, পিজ্জা সস ৪ টেবিল চামচ, ক্যাপসিকাম ২ টেবিল চামচ, ব্ল্যাক অলিভ ১ চা চামচ, চিনি ২ চা চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, বেবি কর্ন ২টি, লবণ আধা চা চামচ।

প্রণালি :ভেজ পিজ্জার খামির করতে প্রথমে তরল দুধ গরম করে তা হালকা ঠাণ্ডা করে তাতে ইস্ট ও চিনি দিয়ে দিতে হবে। চুলার পাশে ইস্টের মিশ্রণটি ঢেকে রাখুন। ফোমের মতো হয়ে এলে এবার এতে ময়দা দিয়ে ভালো মতো খামির করে নিন। খামির করার সময় হাতের তালুতে তেল লাগিয়ে নিন। এবার খামিরটি চুলার পাশে ঢেকে রাখুন ২ ঘণ্টা, দেখবেন ইস্ট অ্যাকটিভেট হয়ে ফুলে উঠেছে। এবার পিজ্জা প্যানে তেল মাখিয়ে তাতে খামিরটি ছড়িয়ে দিন রুটির মতো। মাঝের অংশে কাটা চামচ দিয়ে কেচে দিন, এবার পিজ্জার ডোয়ের ওপর প্রথমে পিজ্জা সস, তার ওপর ক্যাপসিকাম স্লাইস, ব্ল্যাক অলিভ, বেবি কর্ন এবং সব শেষে মোজারেলা চিজ দিয়ে ৩৫০ ডিগ্রিতে ১৫ মিনিট বেইক করে নিলেই হয়ে গেল ভেজ পিজ্জা।

 

 

এগ বেনেডিক্ট

 

উপকরণ :ডিম ৬টি, বাটার ২ টেবিল চামচ, চিলি ফ্ল্যাক্স আধা চা চামচ, স্প্রিং অনিয়ন ১ টেবিল চামচ, ব্যাকেন ৬ স্লাইস, ক্রাঞ্চ ব্রেড স্লাইস ৩টি, লবণ ২ চিমটি, চিনি খুব সামান্য।

প্রণালি :প্রথমে তিনটি ডিমের হলুদ অংশ আলাদা করে নিন। এবার একটা প্যানে বাটার হালকা গরম করুন। চুলা থেকে প্যান নামিয়ে হালকা গরম বাটারের প্যানে ডিমের হলুদ অংশ বিট করে দিতে হবে এবং খুব ঘন ঘন হুইস্ক করতে হবে যেন দলা পাকিয়ে না যায়। এবার চুলায় একেবারে কম আঁচে প্যানটি বসিয়ে কয়েক সেকেন্ড বিট করে নিয়ে তাতে চিলি ফ্ল্যাক্স, এক চিমটি লবণ ও সামান্য চিনি দিয়ে ঘন ঘন নেড়ে সস করে নিন। এবার প্যানে ব্রেড স্লাইসগুলো হালকা টোস্ট করে নিয়ে, সেই প্যানে ব্যাকেনগুলোকে হালকা সেঁকে নিন। এবার বেশি গর্তওয়ালা প্যানে পানিতে তিনটি ডিম একেবারে সফট বয়েল করে নিতে হবে। এবার পরিবেশনের সময় প্রথমে ব্রেড, তারপর ব্যাকেন, তার ওপর বয়েল এগ, তার ওপর ইয়োকের সস এবং সবার শেষে উপরে চিলি ফ্ল্যক্স এবং স্প্রিং অনিয়ন দিয়ে পরিবেশন করুন।